Logo

সারাদেশ

লুটপাট ও আদর্শিক বিচ্যুতির অভিযোগ তুলে ২ বিএনপি নেতার পদত্যাগ

Icon

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৩

লুটপাট ও আদর্শিক বিচ্যুতির অভিযোগ তুলে ২ বিএনপি নেতার পদত্যাগ

ছবি : বাংলাদেশের খবর

লুটপাট, চাঁদাবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শিক বিচ্যুতির গুরুতর ৭টি অভিযোগ তুলে পদত্যাগ করেছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপির দুই প্রভাবশালী নেতা। পদত্যাগকারী নেতারা হলেন— উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি ফেরদৌস আলম।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা দীর্ঘ ২৫ বছরের রাজনৈতিক পথচলার ইতি টানার ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে দুই নেতা জানান, যাদুকাটা বালুমহালে লুটপাট এবং রক্তি, পাটলাই ও বৌলাই নদীতে প্রকাশ্যে চাঁদাবাজি চলছে। এমনকি নদী তীরবর্তী ঘাগটিয়া গ্রামের বাঁশঝাড়সহ প্রায় দুই কিলোমিটার এলাকা বালু লুটের উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীরা আগাম কিনে রেখেছেন। এছাড়া বড়ছড়া ও চারাগাঁও শুল্ক স্টেশনে লুটের মহোৎসব এবং টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সম্পদ ধ্বংসের অভিযোগও তোলেন তাঁরা।

সংবাদ সম্মেলনে তারা আরও অভিযোগ করেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর বিএনপির কিছু প্রভাবশালী নেতা আওয়ামী লীগের ‘দোসরদের’ সঙ্গে ব্যবসায়িক ভাগ-বাঁটোয়ারা ও অনৈতিক সখ্য গড়ে তুলেছেন। এসব অপকর্মের প্রতিবাদ করার পরিবেশ না থাকায় এবং ‘জুলাই বিপ্লবের’ শহীদদের রক্তের প্রতি অসম্মান প্রদর্শন করা হচ্ছে— এমন বোধ থেকে তারা দল ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগকারী নেতারা জানান, সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন বৈষম্য এবং আসন্ন গণভোট বা ‘হ্যাঁ ভোট’ কেন্দ্রিক কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে দলের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে। নৈতিক অবস্থান থেকেই তাঁরা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন।

উল্লেখ্য, রুহুল আমিন ও ফেরদৌস আলম দীর্ঘ ২৫ বছর আগে সাবেক সংসদ সদস্য নজির হোসেনের হাত ধরে বিএনপিতে যোগ দিয়েছিলেন। বিগত ১৭ বছরের আওয়ামী শাসনামলে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েও তাঁরা দল ছাড়েননি। তবে বর্তমান পরিস্থিতিতে দলের আদর্শিক বিচ্যুতি ঘটেছে বলে তাঁরা মনে করছেন।

এই দুই নেতার আকস্মিক পদত্যাগের ফলে তাহিরপুর উপজেলা বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চাঁদাবাজি পদত্যাগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর