Logo

সারাদেশ

কুমিল্লায় ট্রাকচালক হত্যার রহস্য উদঘাটন, ৫ ডাকাত গ্রেপ্তার

Icon

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৪

কুমিল্লায় ট্রাকচালক হত্যার রহস্য উদঘাটন, ৫ ডাকাত গ্রেপ্তার

কুমিল্লায় আকিজ কোম্পানির চিনি বহনকারী ট্রাকচালক আলাউদ্দিন হত্যার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রধান আসামি নুর হোসেন মুন্নাসহ পাঁচ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত চক্রকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন জেলা ডিবির অফিসার ইনচার্জ মো. শামসুল আলম শাহ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—নোয়াখালীর নুর হোসেন মুন্না (২৮), চট্টগ্রামের মিন্টু বড়ুয়া (৩৬), কুমিল্লার শাহাদাত হোসেন রকি (২৬) ও বাবলু (৩৯) এবং ফেনীর আমিনুল ইসলাম (৫৫)। তাদের কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকার ডাকাতি হওয়া চিনি ও ডাকাতির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গত ১৫ জানুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে গাজীপুরের উদ্দেশে ২৭ টন চিনি নিয়ে রওনা দেন ট্রাকচালক আলাউদ্দিন। তবে, গন্তব্যে না পৌঁছানো ও তার মোবাইল বন্ধ থাকায় মালিক জিপিএস ট্র্যাকিং করে পরদিন মনোহরগঞ্জের বিপুলাসার বড় কাঁচি এলাকায় ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় খুঁজে পান। ট্রাকের কেবিনেই আলাউদ্দিনের রক্তাক্ত লাশ পাওয়া যায়।

পরে থানায় হত্যা ও ডাকাতির মামলা দায়ের করা হয়। ডিবি ও থানা পুলিশের যৌথ তদন্তে ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামে অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার হয়। তাদের কাছ থেকে ৯৯ বস্তা চিনি, ৮৪টি খালি বস্তা ও চিনি প্যাকেজিংয়ের দুটি মেশিন জব্দ করা হয়।

ওসি মো. শামসুল আলম শাহ জানান, শাহাদাত হোসেন রকি ও বাবলুর বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে। আদালতের নির্দেশে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকাতি গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর