ছবি : বাংলাদেশের খবর
‘বেশি বেশি সবজি খাও, সুস্বাস্থ্যের অধিকারী হও, কৃষি ও কৃষকের পাশে দাঁড়াও’—এই প্রতিপাদ্যে চাঁদপুরে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে দেশজ সবজি উৎসবের।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের ল্যাবরেটরি স্কুলে ব্যতিক্রমী এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা ডালায় সাজিয়ে আনা সবজির নাম ও গুণাবলি তুলে ধরে। এক শিক্ষার্থী নিজের চেনা সবজি সম্পর্কে অন্যকে অবহিত করে।
শিশুদের দেশীয় সবজির প্রতি আগ্রহী করতে ও অস্বাস্থ্যকর চটকদার খাবার থেকে দূরে রাখতে এ আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। উৎসবে ৩০টির বেশি দেশীয় সবজি নিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
সবজির মধ্যে ছিল বরবটি, শিম, মটরশুঁটি, ফুলকপি, ব্রোকলি, কুমড়া, কুমড়া ফুল, কাঁচা কলা, কলা গাছের আইলকা (আঞ্চলিক নাম), বিভিন্ন প্রজাতির শাক, ধনেপাতা, লেটুসপাতা, বাঁধাকপি, সজিনাপাতা, লাউ, থানকুনিপাতা, গাজর, মূলা, শালগম, বিট, গোল আলু, মেটে আলু, পেঁপে, টমেটো, বেগুন, চালকুমড়া, করলা, কাকরোল, ঢেঁড়শ, পটল ও শসা।
বিদ্যালয়ের শিক্ষার্থী মেহজাবিন, তাসরিক আরাফ ও মিন্ময় বলে, ‘এই আয়োজনের মাধ্যমে আমরা অনেক সবজির সঙ্গে পরিচিত হয়েছি। সবজির গুণাগুণ নিজেরা জেনেছি, অপরকে জানাতেও পেরেছি।’
উপস্থিত অভিভাবকেরা বলেন, শিশুরা একসঙ্গে এত সবজি আগে কখনো দেখেনি। এ উৎসবের মাধ্যমে তারা সবজি সম্পর্কে জানতে পেরেছে এবং সবজি খাওয়ার প্রতি আগ্রহী হবে। দেশের প্রতিটি বিদ্যালয়ে এমন আয়োজন করা উচিত বলে মত দেন তারা।
বিদ্যালয়ের অধ্যক্ষ মৃণাল কান্তি দাস বলেন, ‘বর্তমানে বেশির ভাগ সবজি সারাবছর পাওয়া যায়। এসব দেশীয় সবজি হতে পারে আমাদের প্রতিদিনের পুষ্টির অনন্য উৎস। শিক্ষার্থীদের সবজির প্রতি আকৃষ্ট করতেই এ আয়োজন।’
আলআমিন ভূঁইয়া/এআরএস

