বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধা ও অফিস ভাঙচুরের অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৯
ছবি : বাংলাদেশের খবর
বাগেরহাট-১, ২ ও ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের নির্বাচনী কার্যক্রমে বাধা, অফিসে তালা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে (৪ ফেব্রুয়ারি) বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী সেলিম ছাড়াও সাবেক সংসদ সদস্য মাহবুবুর রহমান টুটুল ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এম এ এইচ সেলিম বলেন, ‘বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে আমাদের নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী গোষ্ঠী বাধা দিচ্ছে। আমাদের নির্বাচনী অফিসে আগুন দেওয়া হয়েছে, প্রচারণার মাইক ভাঙচুর করা হয়েছে এবং যাত্রাপুরের অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন ও জেলা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি। এ অবস্থায় নির্বাচনে কোন সমতল খেলা ক্ষেত্র (লেভেল প্লেয়িং ফিল্ড) থাকবে না।’
তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানান।
এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
শেখ আবু তালেব/এআরএস

