Logo

সারাদেশ

খোকসায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৭

Icon

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৬

খোকসায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৭

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে খোকসা উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাশালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বিএনপির তিনজন ও জামায়াতের চারজন সমর্থক রয়েছেন। তাদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসেনের সমর্থকরা ভোট চাইতে গেলে এক ভোটারের মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি নিষ্পত্তির জন্য বুধবার সকালে মাশালিয়া বাজারে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়।

সূত্রমতে, বৈঠকে প্রাথমিক সমঝোতা হলেও বৈঠক শেষে উভয় পক্ষের মধ্যে আবারও বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে উভয় পক্ষের সাতজন আহত হন।

ঘটনায় দুই পক্ষই একে অপরকে দায়ী করেছেন। জয়ন্তীহাজড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, সালিশ শেষে জামায়াতের কর্মীরা বিএনপি সমর্থকদের ওপর হামলা চালায়। অন্যদিকে, ইউনিয়ন জামায়াতের আমির আকমল হোসেন দাবি করেন, বিএনপির এক কর্মীর হামলার পরই সংঘর্ষ শুরু হয়।

খোকসা থানার তদন্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাশালিয়া বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

উজ্জল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর