Logo

সারাদেশ

নারায়ণগঞ্জ-৪

২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ মুফতি কাসেমীর

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৬

২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ মুফতি কাসেমীর

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এবং অভিযোগের কপি

নারায়ণগঞ্জ-৪ আসনে জেলা পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক সুবিধা নিয়ে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী। এ বিষয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন— নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এবং ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।

ফতুল্লা থানার পাঁচটি ইউনিয়ন এবং গোগনগর ও আলীরটেক ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে ধানের শীষের প্রার্থী মুফতি কাসেমী তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই মাঠ প্রশাসনে থাকা এই দুই কর্মকর্তা নিরপেক্ষতা বজায় রাখছেন না। অভিযোগে দাবি করা হয়, তারা এক ‘বিত্তশালী ও বিশিষ্ট শিল্পপতি’ প্রার্থীর পক্ষ নিয়ে কাজ করছেন এবং এর বিনিময়ে আর্থিক সুবিধা গ্রহণ করেছেন।

কাসেমী আরও অভিযোগ করেন, পুলিশি হয়রানির কারণে সাধারণ ভোটারদের মধ্যে ভীতি ও অসন্তোষ তৈরি হয়েছে। তিনি বলেন, ‘প্রশাসনের এমন আচরণ সুষ্ঠু ও অবাধ নির্বাচনের অন্তরায় এবং নির্বাচন কমিশনের নীতিমালার স্পষ্ট লঙ্ঘন।’

মুফতি কাসেমী জানান, এর আগে গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে তিনি একই বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময়েও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তিনি এবার সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগের বিষয়ে আমার জানা নেই। নির্বাচনে কারো পক্ষপাতিত্ব করার সুযোগ নেই। নির্বাচন সুষ্ঠু করতে আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছি।’

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর