চরফ্যাসনে বিএনপির প্রচারণায় জামায়াতের হামলার অভিযোগ, আহত ৮
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৭
ছবি : বাংলাদেশের খবর
ভোলা-৪ (চরফ্যাসন ও মনপুরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্বাচনী প্রচারণা চলাকালে তার কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে বিএনপির ৮ জন নেতা-কর্মী আহত হয়েছেন। বিএনপির অভিযোগ, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মীরা এই হামলা চালিয়েছে। তবে জামায়াত এই অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলেছে বিএনপির বিরুদ্ধে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়ির জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা চরফ্যাসন হাসপাতালে ভর্তি করিয়েছেন।
এ ঘটনায় আহাম্মদপুর ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক অধ্যাপক মঈন চরফ্যাসন প্রেসক্লাবে লিখিত বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, বুধবার সকালে বিএনপি প্রার্থীর প্রচারণা দল মৃধা বাড়ির মসজিদের সামনে পৌঁছালে জামায়াত ও শিবিরের কয়েকজন কর্মী আপত্তিকর স্লোগান দিতে শুরু করেন। বিএনপির কর্মী নিরব মিয়াজী ও মান্নান এতে বাধা দিলে আহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমির জসিম উদ্দিনের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন নারী-পুরুষ অতর্কিত হামলা চালায়।
এ হামলায় আহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীরসহ ৮ জন নেতা-কর্মী গুরুতর আহত হন বলে দাবি করা হয়। এ ঘটনায় জাহাঙ্গীর বাদী হয়ে ৭ জনকে আসামি করে দুলারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন আহাম্মদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির জসিম উদ্দিন। তিনি দাবি করেন, ‘আমরা তাদের ওপর কোনো হামলা করিনি। বরং বিএনপির নেতা-কর্মীরাই উল্টো আমাদের ওপর হামলা চালিয়েছে।’
এ বিষয়ে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজান জানান, ঘটনাটি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে উভয় পক্ষের নেতা-কর্মীদের যাওয়ার কথা ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এমএইচএস

