Logo

সারাদেশ

ফরিদপুরে জামায়াত আমিরের ২ নির্বাচনী জনসভা, প্রস্তুতি তুঙ্গে

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১১

ফরিদপুরে জামায়াত আমিরের ২ নির্বাচনী জনসভা, প্রস্তুতি তুঙ্গে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরে দুটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : বাংলাদেশের খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরে দুটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুর-১ আসনের বোয়ালমারী স্টেডিয়ামে এবং রাত ৮টায় ফরিদপুর-৩ আসনের সদর উপজেলার সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ফরিদপুর সদর আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক আবদুত তাওয়াব, জেলা আমির বদরউদ্দিন, সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব।

সংবাদ সম্মেলনে ইমতিয়াজ উদ্দিন আহমেদ জানান, জামায়াত আমির ফরিদপুরের দুটি সংসদীয় আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। বোয়ালমারী স্টেডিয়ামের জনসভা সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এবং রাতে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ দুটি কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যে উৎসাহও চোখে পড়ার মতো।

জেলা জামায়াত সূত্র জানায়, শুক্রবার নড়াইলে একটি জনসভা শেষে ডা. শফিকুর রহমান বোয়ালমারী জনসভায় যোগ দেবেন। সেখান থেকে রাতের জনসভায় অংশ নিতে ফরিদপুর শহরে আসবেন।

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব বলেন, দুটি জনসভায় লক্ষাধিক মানুষের সমাগমের আশা করা হচ্ছে। এজন্য নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করা হয়েছে। প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে মঞ্চ নির্মাণের কাজ চলছে। একই সঙ্গে মাঠজুড়ে সাউন্ড সিস্টেম স্থাপনের কাজও এগিয়ে চলছে।

এদিকে ডা. শফিকুর রহমানের আগমন ঘিরে নেতাকর্মীরা নানা প্রত্যাশার কথা জানিয়েছেন। ফরিদপুর বিভাগ গঠন, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, সেনা ক্যান্টনমেন্ট ও কলেজ স্থাপন তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে।

জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে জনসভাগুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। আশা করা হচ্ছে, কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

অপূর্ব অসীম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর