ছবি : বাংলাদেশের খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নাটোরের আব্দুলপুর জংশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী মাহদী হাসান মুরাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি লালমনিরহাট জেলায়।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক শেরেজ্জামান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাহদী হাসান মুরাদ শুক্রবার সকালে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের বরাতে জানা যায়, ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনটি ইঞ্জিন পরিবর্তনের জন্য আব্দুলপুর জংশনে সাময়িকভাবে থামানো হয়। এ সময় মাহদী প্ল্যাটফর্মে না গিয়ে বিপরীত পাশে যাওয়ার জন্য রেললাইনের ওপর দিয়ে পার হওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই চলন্ত অবস্থায় ট্রেনটি তার এক পায়ের ওপর দিয়ে উঠে যায়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর আমরা পেয়েছি। বিভাগের সভাপতি, প্রশাসন এবং ঘটনাস্থলে থাকা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি।’
অধ্যাপক শেরেজ্জামান জানিয়েছেন, নিহত শিক্ষার্থী মাহদী হাসান মুরাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এআরএস

