সাত সমর্থকসহ বিএনপির প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১২
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনের ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের নির্বাচনী প্রচারণার সময় সমর্থকদের ওপর হামলা চালিয়ে আহত ও অব্যাহত হুমকির ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী প্রমাণসহ বরিশাল জেলা রিটার্নিং অফিসার বরাবরে পৃথকভাবে তিনটি লিখিত অভিযোগ দায়েরের পর নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ওই আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী জহির উদ্দিন স্বপন ও তার সাতজন সমর্থকের বিরুদ্ধে তিনটি লিখিত কারণ দর্শনোর নোটিশ পাঠিয়েছেন।
যার অনুলিপি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট আট দপ্তরের কর্মকর্তাদের দেওয়া হয়েছে। পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ জারি করে তার প্রতিবেদন অত্র কার্যালয়ে প্রেরণের জন্য গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করা হয়েছে।
বিএনপি প্রার্থী ছাড়াও তার সমর্থক অন্যান্য নোটিশপ্রাপ্তরা হলেন- সরিকল গ্রামের বিপ্লব প্যাদা, রুহুল আমিন মৃধা, বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের সেন্টু সিকদার, মশিউর সিকদার, সুমন খান, সাদ্দাম বাজার এলাকার রাসেল হাওলাদার, ধানডোবা গ্রামের শাহজাহান ফকির।
এস এম মিজান/এসএসকে/

