নিজ পার্লারের টয়লেটে মিলল নিখোঁজ নারীর মরদেহ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৮
নারায়ণগঞ্জে শহরে একটি বিউটি পার্লারের টয়লেট থেকে কামরুন নাহার ইতি (৩৮) নামে এক নারী উদ্যোক্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জে শহরে একটি বিউটি পার্লারের টয়লেট থেকে কামরুন নাহার ইতি (৩৮) নামে এক নারী উদ্যোক্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শহরের আমলাপাড়া এলাকায় ‘পরী বিউটি পার্লার’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ইতি ওই বিউটি পার্লারের মালিক। তিনি আব্দুর রাজ্জাকের মেয়ে এবং এনায়েতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে স্বামী আনোয়ার হোসেন সেন্টুর সঙ্গে বসবাস করতেন।
ওসি আব্দুল হালিম বলেন, বিউটি পার্লারের মালিক ছিলেন ওই নারী। গত ২৭ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার ভাই মো. আলিফ এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। শুক্রবার দুপুরে পার্লারের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশের একটি দল দরজা ভেঙে টয়লেটের ভেতর থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, নিহতের শরীরে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ফরেনসিক ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
আব্দুল হালিম বলেন, এ বিষয়ে নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
ইমতিয়াজ আহমেদ/এমবি

