Logo

সারাদেশ

আল্লাহ কামিয়াব করলে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাব : চরমোনাই পীর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫০

আল্লাহ কামিয়াব করলে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাব : চরমোনাই পীর

ছবি: সংগৃহীত

 ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘বিভিন্ন দলের নেতারা সরকার গঠন করলে সোনার বাংলা, সবুজ বাংলা কিংবা ডিজিটাল বাংলা গড়ার প্রতিশ্রুতি দেন। আমি এত প্রতিশ্রুতি দেব না। আল্লাহ যদি কামিয়াব করেন, আমরা ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাব। দুর্নীতি যখন থাকবে না, তখন মানুষের মুখে এমনিতেই হাসি ফুটবে।’

আজ শুক্রবার দুপুরে বরগুনার আমতলী পৌরসভা কার্যালয়ের সামনের মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অন্য দলের প্রার্থীদের উদ্দেশে চরমোনাই পীর বলেন, ‘কেউ যেন ভোটকেন্দ্র দখলের চেষ্টা না করেন এবং সন্ত্রাসের পথে না হাঁটেন। ইসলামী আন্দোলনের কর্মীরা সভ্য। কিন্তু আমাদের টালাবেন না, বিরক্ত করবেন না। যদি করেন, এমনভাবে গর্জন শুরু হবে, যা আর প্রতিহত করতে পারবেন না।’

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে রেজাউল করীম বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর একটি শ্রেণি সারা দেশে টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা সংখ্যালঘুদের জানমাল রক্ষা করেছেন এবং সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করেছেন।

তিনি বলেন, ‘হিন্দু ভাইদের বলব, চরমোনাইয়ের হিন্দুদের কাছে খোঁজ নিয়ে দেখেন—মায়ের কোল যেমন নিরাপদ, চরমোনাইও তেমনি নিরাপদ। আশা করি আপনারাও নিরাপদে থাকবেন।’

বরগুনা-১ আসনকে মডেল বরগুনায় রূপান্তরের ঘোষণা দিয়ে চরমোনাই পীর এখানকার হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের অন্য কোনো আসনে জয়লাভ না করলেও বরগুনা-১ আসনে জয়লাভ করবে, ইনশা আল্লাহ। ১২ ফেব্রুয়ারি বরিশাল বিভাগের মধ্যে বরগুনা-১ আসন বিজয় লাভ করবে।’

মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আসমত আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, বরগুনা-২ আসনের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক কে এম শরিয়ত উল্লাহ, মুফতি হাবিবুর রহমান, বরগুনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম, আমতলী উপজেলা সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী এবং সাধারণ সম্পাদক গাজী মো. বায়েজিদ।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চরমোনাই পীর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর