টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা মারা গেছে
ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০
ছবি : বাংলাদেশের খবর
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা আফনান (১২) আর নেই। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।
হুজাইফার মা সাবেকুন্নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১১ জানুয়ারি সকালে বাংলাদেশ সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আরাকান আর্মি ছোড়া গুলি সরাসরি হুজাইফার শরীরে আঘাত হানে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলার কুতুপালং-এ অবস্থিত এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, উন্নত চিকিৎসার জন্য গত ১৩ জানুয়ারি একটি বিশেষায়িত লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় হুজাইফাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
শিশু হুজাইফার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারে চলছে শোকের মাতম।
এআরএস

