গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৫:৩২
গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার পুরাতন স্টেশন বাদিয়াখালী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ভুক্তভোগী শ্রী বিপুল সাহা, দিদারুল ইসলাম, মো. ফিরোজ মিয়া, মো. মামুন মিয়াসহ অন্যরা। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।
বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনার পালিয়ে যাওয়ার পর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম রহমান সুমন ও তার সন্ত্রাসী বাহিনী সংখ্যালঘুসহ সাধারণ জনগণের জমি দখল ও চাঁদাবাজি করছেন।
তার বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেয়নি দল। এখন লাগাম টেনে না ধরলে বিএনপির প্রতি সাধারণ জনগণের মনোবল ও আজেম ভেঙ্গে পড়বে। তাই গোলাম রহমান সুমনের দলীয় সকল পদ থেকে অব্যাহতি ও তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান বক্তারা।
আতিকুর রহমান/এমবি

