বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেবেন : হাসনাত আবদুল্লাহ
যশোর প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৮
যশোর ভৈরব চত্বরে নির্বাচনী পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনপিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি : বাংলাদেশের খবর
জাতীয় নাগরিক পার্টির (এনপিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এবারের নির্বাচনে জাতি দুই ভাগে বিভক্ত। একটি পক্ষ ভারতীয় গোলামীর পক্ষে, হিজাব আর বোরখার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অন্য একটি পক্ষ জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে এবং ভারতীয় গোলামীর বিরুদ্ধে ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছেন। কারণ ১১ দলীয় জোট ইনসাফে বিশ্বাস করে। এই দেশে আর গোলামীর শৃঙ্খলে বন্দি হতে চায় না; তারা চায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলতে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে যশোর ভৈরব চত্বরে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির নেতা নুরুজ্জামান।
ইনকিলাব মঞ্চে পুলিশি হামলার নিন্দা জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, আপনি কোনো রাজনৈতিক দলের গোলাম না হয়ে দেশের ১৮ কোটি মানুষের পক্ষে থাকুন। কারণ গত ১৭ বছরে যারা একটি রাজনৈতিক দলের গোলামী করেছিলেন, জুলাই বিপ্লবে তাদের কি পরিণতি হয়েছে তা আপনারা দেখেছেন। আপনারা কোনো দলের নয়, কেবল মাত্র দেশের পুলিশ হয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করুন।
তিনি বলেন, এবারের নির্বাচন জাতির কলঙ্ক মোচনের নির্বাচন। আগামীর বাংলাদেশ কেমন হবে তা আগামী নির্বাচনের ওপর নির্ভর করছে। আগামী নির্বাচন হবে দেশের মালিকানা প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়ার। একটি দল ফ্যাসিস্ট হাসিনার মতো ভোটকেন্দ্র দখলের পায়তারা করছে।
১১ দলীয় জোটের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ১২ তারিখ সকাল ৭টার মধ্যে ভোট কেন্দ্রে যাবেন। ভোট কেন্দ্র পাহারা দেবেন। ফলাফল বুঝেনানিয়ে ভোট কেন্দ্র ছাড়বেন না। আগামীর নির্বাচন হবে চাঁদাবাজ, ধান্দাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে জনতার ব্যালট বিপ্লবের লড়াই।
তিনি আরও বলেন, আপনারা দেখবেন, বুকে ধানের শীষ প্রতিক লাগিয়ে ভোট কেন্দ্রে যাবেন, কিন্তু ভোটটি দেবেন দাঁড়িপাল্লায়। আপনারা তাদেরকে হারিয়ে দেবেন। এই যশোরেও দাঁড়িপাল্লার পক্ষে ব্যালট বিপ্লব ঘটাতে হবে।
পরে হাসনাত আবদুল্লাহ দাঁড়িপাল্লা প্রতিকের শ্লোগান দিয়ে তার বক্তৃতা শেষ করেন। একই সাথে তিনি হ্যাঁ ভোটের পক্ষে জনমতকে উৎসাহিত করেন এবং হ্যাঁ ভোট প্রদানের আহ্বান জানান।
দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর সদর-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ভিপি আব্দুল কাদের, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক শামসুজ্জামান, এনসিপির নেতা সাকিব শাহরিয়ার প্রমুখ।
শহিদ জয়/এমবি

