১২ ফেব্রুয়ারি নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে : সালাহউদ্দিন আহমদ
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৭
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। তিনি বলেন, এটি হবে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, যার মাধ্যমে দেশের বাঁক বদলে যাবে। বিএনপির ঘোষিত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হলে দেশের সার্বিক চিত্র বদলে যাবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া জমিলা বেগম উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মের হাতে পরিণত করতে চায় বিএনপি। এতে দেশে কোনো বেকার থাকবে না। নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিএনপি ক্ষমতায় গেলে মাতামুহুরি উপজেলা বাস্তবায়ন, লবণের ন্যায্য মূল্য নির্ধারণসহ নানা প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
ধানের শীষকে মানুষের ও গণতন্ত্রের প্রতীক উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির স্বার্থে আগামী ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ধানের শীষে ভোট দেবেন—এমন প্রত্যাশা তাঁর।
জনসভায় আরও উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদ, তাঁদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমদ, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপুসহ অনেকে।
একই দিন সকালে সালাহউদ্দিন আহমদ চকরিয়ার সুরাজপুর–মানিকপুর ইউনিয়নে গণসংযোগ করেন। এ সময় এক পথসভায় তিনি দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সুরাজপুর সাংগঠনিক ইউনিয়ন বিএনপির সভাপতি মৌলভি জয়নাল আবেদীনসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

