Logo

সারাদেশ

বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২৫

Icon

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৬

বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২৫

পটুয়াখালীর বাউফলে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জামাল মৃধা (২২), আমিনুল ইসলাম (৩৭), জুয়েল (৩৩), নয়ন (১৭), লিমা জাহান (২৫), শাহজালাল (২০), সুজন (২৬), শহিদুল বেপারী (২৭), হাফেজ আনিসুর রহমান (৫৫), আমিনুল মাতব্বর (৩০), সোহাগ (৩০), সাইফুল (৪০), জিসান (২৫), সজিব (১৭), রোজিনা বেগম (৩০), দেলোয়ার গাজীসহ (৫৮) অন্তত ২৫ জন।

এদের মধ্যে জামাল মৃধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

জামায়াতের দলীয় সূত্র জানায়, ঘটনার দিন সকালে চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারিয়া বাজার এলাকায় জামায়াতের নারী কর্মীরা প্রচারণা চালাতে গেলে  বিএনপির নেতাকর্মীরা তাদের হেনস্তা করে। পরে বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা মিছিল বের করলে বিএনপি নেতা রুহুল ও তার ভাই সোহেলের নেতৃত্বে হামলা চালানো হয়।  এতে জামায়াতের ২০/২৫জন নেতাকর্মী আহত হন। 

বিএনপি দলীয় সূত্র জানায়, জামায়াতের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে  টাকা দিয়ে ভোট কেনেন। এ নিয়ে এলাকাবাসীর সাথে জামায়াতের নারী কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। বিষয়টি সেখানেই শেষ হয়ে যায়। পরে জামায়াতের নেতাকর্মীরা অতর্কিতভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে।  

স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতের কয়েকজন কর্মী ওই এলাকায় নির্বাচনী প্রচারের কাজে গেলে বিএনপির কয়েকজন সমর্থক টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলে তাদেরকে হেনস্তা করে। এ সময় খবর পেয়ে প্রচারণা মিছিলের অদূরে থাকা জামায়াতের লোকজন সেখানে গেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।

এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোটার আঘাতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়।

 ঘটনার পর বিকেলে জামায়াত পৌর সদরে একটি প্রতিবাদ মিছিল করে। ওই মিছিল থেকে হাসপাতাল রোড এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দেওয়া হয়। কয়েকজন ছাত্রদল নেতাকে মারধরও করে জামায়াতের লোকজন। এ ঘটনার কিছুক্ষণ পর বিএনপি মনোনীত প্রার্থী সহিদুল আলম নির্বাচণী প্রচারণায় বের হলে থানার সামনে তার গাড়ি অবরুদ্ধ করে বিক্ষোভ করে জামায়াতের নেতাকর্মীরা।

বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এইচএম মোজাহিদুল ইসলাম নান্নু/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপি সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর