সঠিকভাবে ভোট দেওয়া না হলে গুনাহ হয় : চরমোনাই পীর
লালমোহন, ভোলা প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৮
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই’র পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ভোট হলো আমানত। যদি সঠিকভাবে ভোট দেওয়া না হয় তাহলে ভোট প্রদানের কারণে গুনাহর অংশ আমলনামায় জমা হয়। ভোটের মাধ্যমে দেশের পরিবর্তন আসে। মানুষের শান্তি ও অশান্তি আসে। তাই আমি সকলকে আহ্বান জানাব ১২ তারিখে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। ইসলামী আন্দোলনের পক্ষে যদি একটি ভোট বাড়ে তাহলে ইসলামের পক্ষে একটি ভোট বেশি হয়।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ভোলা-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মোসলেহ উদ্দিনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীর সাহেব চরমোনাই আরো বলেন, ‘এদেশে পেছনে যত দল ক্ষমতায় এসেছে এবং সামনে যতদল আসবে, কেহ ইসলাম অনুযায়ী দেশ চালাবে না। একমাত্র একটিই দল- ইসলামী আন্দোলন, যার প্রতীক- হাতপাখা, যদি ক্ষমতায় আসে তাহলে ইসলাম অনুযায়ী দেশ পরিচালিত হবে। বাংলাদেশে একমাত্র একটি দলই হলো ইসলামী দল- সেটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ।’
তিনি বলেন, ইসলাম অর্থ হলো শান্তি। এখানে ভয় পাওয়ার কি আছে। চোরের হাতকাটা হলো ইসলামের বিধান। কিন্তু সকল চোরের নয়। যে চোর অভাবে চুরি করে তার হাত কাটা উচিত নয়। যে চোর স্বাভাবে চুরি করে তাদের হাত কেটে দিতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও কলামিষ্ট মাওলানা মুফতি হাবিবুর রহমান মেজবাহ (কুয়াকাটা), ভোলা-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হাফেজ মাওলানা মো. রাশেদুল ইসলামসহ দলের উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীগণ ও সমর্থকবৃন্দ।
মো. সোয়েব মেজবাহউদ্দিন/এসএসকে/

