Logo

সারাদেশ

বরগুনার ৫১ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০

বরগুনার ৫১ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ

বরগুনার দুটি আসনের ৬ উপজেলায় ৫১টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ছবি : বাংলাদেশের খবর

সবকিছু ঠিক থাকলে আর মাত্র ৭২ ঘণ্টা পরই শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে বরগুনা জেলার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। এরই মধ্যে বরগুনার দুটি আসনের ৬ উপজেলায় ৫১টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, বরগুনার দুইটি আসনের ৬টি উপজেলায় মোট ৩১২টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৫১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে আমতলী উপজেলায় ১৮টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।

এছাড়া সদর উপজেলায় ৮টি, পাথরঘাটায় ১০টি এবং তালতলী, বামনা ও বেতাগী—এ তিনটি উপজেলায় ৫টি করে কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নজরদারি জোরদার করতে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।

বরগুনায় শান্তিপূর্ণ ভোট আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মিজ তাসলিমা আক্তার বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা করা হয়েছে। তবে জেলার সব ভোটকেন্দ্রেই শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা জেলার দুটি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বরগুনা জেলার দুই আসন মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৫৭ হাজার ২০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ২৭ হাজার ৬২ জন এবং নারী ভোটার ৪ লাখ ৩০ হাজার ১২৬ জন।

খান নাঈম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর