Logo

সারাদেশ

মানিকগঞ্জ-৩ আসনে নির্বাচন বর্জন করলেন স্বতন্ত্র প্রার্থী ড. রফিক

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৪

মানিকগঞ্জ-৩ আসনে নির্বাচন বর্জন করলেন স্বতন্ত্র প্রার্থী ড. রফিক

ছবি : বাংলাদেশের খবর

মানিকগঞ্জ-৩ (সদর-সিঙ্গাইর) আসনে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ড. রফিকুল ইসলাম খান (ড. রফিক) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) এক লিখিত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। ড. রফিক অভিযোগ করেন, নির্বাচনের সার্বিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও রিটার্নিং অফিসার চরমভাবে ব্যর্থ হয়েছেন।

তিনি উল্লেখ করেন, প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই তিনি ও কয়েকজন প্রার্থী বিভিন্ন সময় রিটার্নিং অফিসারের সঙ্গে বৈঠক করে নির্বাচনি মাঠের নানা সমস্যা এবং ভোটারদের মধ্যে ভয়ভীতি, আতঙ্ক ও সংশয় উল্লেখ করেন।

তিনি বলেন, এসব বিষয়ে একাধিকবার অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার বা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।

ড. রফিক আরও অভিযোগ করেন, মানিকগঞ্জ-৩ আসনে নির্বাচনের মাঠে সমতা ও নিরপেক্ষ পরিবেশ সম্পূর্ণভাবে অনুপস্থিত। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হওয়ায় সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা, সে বিষয়ে গুরুতর শঙ্কা তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে এই নির্বাচন একটি প্রহসনে পরিণত হয়েছে। আমি কোনো প্রহসনের নির্বাচনের সঙ্গে নিজেকে জড়াতে চাই না। জনগণের অধিকার ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখেই আমি এই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য, গত শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব দাশড়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামালের বাসভবনে পাঁচ প্রার্থীর এক সম্মিলিত সংবাদ সম্মেলনেও ড. রফিক এ ধরনের অভিযোগ তুলে ধরেন।

আফ্রিদি আহাম্মেদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর