নির্বাচনি মিছিলে ৩ জেলায় ৫ জনের মৃত্যু
লক্ষ্মীপুর, টাঙ্গাইল ও সিলেট প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে সোমবার (৯ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর, টাঙ্গাইল ও সিলেটে পৃথক নির্বাচনি মিছিল ও জনসভায় অংশ নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কিংবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর শহরে বিএনপি ও জামায়াতের পৃথক গণমিছিলে অসুস্থ হয়ে দুই কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন—লক্ষ্মীপুর পৌরসভার উত্তর বাঞ্চানগর এলাকার বিএনপি কর্মী ওবায়দুল হক ও জামায়াত কর্মী আবদুর শহীদ।
দলীয় সূত্র জানায়, বিকেলে পৌর শহরের লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াত প্রার্থী রেজাউল করিমের পক্ষে বের করা গণমিছিলে আবদুর শহীদসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীদের ভিড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। একই দিন সন্ধ্যায় একই আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পক্ষে বের হওয়া গণমিছিলে ওবায়দুল হক অসুস্থ হয়ে পড়েন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক অরুপ পাল বলেন, পৃথক দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। আনার পথেই তাদের মৃত্যু হয়েছে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তারা মারা গেছেন।
টাঙ্গাইল : টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নির্বাচনি মিছিলে যোগ দিতে এসে অসুস্থ হয়ে দুই সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের পাকুল্যা এলাকার জনাব আলী ও ছোনাট গ্রামের জিয়াউর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনি প্রচারের শেষ দিনের মিছিল শুরুর প্রাক্কালে একজন এবং মিছিল চলাকালে অপরজন সমর্থক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় একজন হৃদরোগে আক্রান্ত হন এবং অপরজনের রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে যায়। তাদের দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক বিরাজ করছে। এ বিষয়ে শোক জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। তিনি বলেন, নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে। তাঁদের দাফন-কাফনের সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সিলেটে : সিলেট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনার জনসভায় যাওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে তিনি মারা যান। সুহেল আহমদ সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।
সিলেট জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলম এক ফেসবুক পোস্টে জানান, আজ তাহসিনা রুশদীর লুনার শেষ নির্বাচনি জনসভায় মিছিলসহ যোগদানের পথে হৃদরোগে আক্রান্ত হয়ে সুহেল আহমদ মৃত্যুবরণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে উপজেলার নতুন বাজারে মিছিল নিয়ে জনসভায় যাওয়ার সময় সভাস্থলের পাশেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় পাশে থাকা নেতাকর্মীরা তাকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যান। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গত ২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন সোহেল আহমদ চৌধুরী।
এআরএস

