আলফাডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর পক্ষে বিশাল গণমিছিল
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৮
আগামীকাল মঙ্গলবার সকাল ৭টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হচ্ছে। শেষ মুহূর্তের প্রচারণায় নিজেদের শক্তিমত্তা জানান দিতে ফরিদপুর–১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক ড. ইলিয়াস মোল্যার সমর্থনে আলফাডাঙ্গায় বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি আলফাডাঙ্গা সদর বাজারের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে। মিছিলটি বাজারের বিভিন্ন এলাকা অতিক্রম করার সময় কর্মী–সমর্থকদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
গণমিছিলে উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল হোসাইন, সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, উপজেলা নায়েবে আমীর এস এম রিদওয়ানুন্নবীসহ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আগামী নির্বাচনে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি অধ্যাপক ড. ইলিয়াস মোল্যাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ করেন।

