ভালুকায় ভোটারদের পান-সুপারি বিতরণ : স্বতন্ত্র প্রার্থীর কর্মীর কারাদণ্ড
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৯
ছবি : বাংলাদেশের খবর
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভোটারদের মধ্যে পান-সুপারি বিতরণকালে তাকে হাতেনাতে আটক করা হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. বাবুল মিয়া (২৮)। তিনি পাড়াগাঁও বড়চালা গ্রামের বাসিন্দা এবং স্বতন্ত্র প্রার্থীর ‘হরিণ’ প্রতীকের কর্মী বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে সন্ধ্যার পর থেকে ওই এলাকায় ‘হরিণ’ প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে পান-সুপারি প্যাকেট করে বিতরণ করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে স্থানীয় একটি বাড়ির সামনে থেকে বাবুল মিয়াকে আটক করা হয়। এ সময় ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে প্রস্তুত করা ৫৮টি পান-সুপারির প্যাকেট উদ্ধার করা হয়। স্থানীয় ধানের শীষের কর্মীদের সহযোগিতায় তাঁকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ২৭(ক) ধারায় তাঁকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন বলেন, "আচরণবিধি ভঙ্গ করে ভোটারদের মধ্যে পান-সুপারি বিতরণের সময় ৫৮টি প্যাকেটসহ বাবুল নামের একজনকে আটক করা হয়। পরে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তাঁকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।"
রোমান আহমেদ নকিব/এমএইচএস

