কক্সবাজারে ২৮ হাজার ৬৩০ পোস্টাল ভোট, গণনা ১২ ফেব্রুয়ারি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১
ছবি : বাংলাদেশের খবর
ব্যাপক প্রচার-প্রচারণার মধ্যেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের চারটি আসনে মাত্র ২৮ হাজার ৬৩০টি পোস্টাল ভোট পড়েছে।
বিদেশে অবস্থানরত প্রবাসী, দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি-বেসরকারি চাকরিজীবী ও কারাবন্দীরা প্রথমবারের মতো অনলাইন নিবন্ধনের মাধ্যমে এ ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট গণনা ও ফল প্রকাশ করা হবে ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার পর।
কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও পোস্টাল ভোট কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইরফান উল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে চারটি আসনে মোট ২৮ হাজার ৬৩০টি পোস্টাল ভোট গৃহীত হয়েছে।
আসনভিত্তিক পোস্টাল ভোটের চিত্রে দেখা যায়, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৯ হাজার ৬৩৫টি, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ৪ হাজার ২১২টি, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে ১০ হাজার ৯১৭টি এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ৩ হাজার ৮৬৬টি ভোট পড়েছে। চার আসনের মধ্যে সর্বোচ্চ পোস্টাল ভোট পড়েছে কক্সবাজার-৩ আসনে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার পর কক্সবাজার ইনডোর স্টেডিয়ামে পোস্টাল ভোট গণনা করা হবে। নিয়মিত ভোট গণনার আদলে এ প্রক্রিয়া সম্পন্ন হবে। এ জন্য প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রতি ৩০০ ভোটের জন্য একজন করে সহায়ক কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, স্ক্যানিং প্রক্রিয়ার মাধ্যমে যাচাই শেষে ব্যালট বক্স খোলা হবে এবং স্বচ্ছতার ভিত্তিতে গণনা সম্পন্ন হবে। ‘হ্যাঁ’ ভোটের জন্য আলাদা ব্যালটও গণনা করা হবে। প্রার্থীরা চাইলে নিজে উপস্থিত থাকতে পারবেন অথবা এজেন্ট নিয়োগ দিয়ে গণনা প্রত্যক্ষ করতে পারবেন। ভোটকেন্দ্রগুলো সিসিটিভির আওতায় রাখা হবে বলে প্রশাসন জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রবাসীরা পোস্টাল ভোট দিয়েছেন। পাশাপাশি দেশের অভ্যন্তরে কর্মরত চাকরিজীবী ও কারাবন্দীরাও এ ব্যবস্থায় ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে কোন দেশ থেকে কত ভোট এসেছে, তার নির্দিষ্ট তথ্য জানাতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্বাচন কমিশনের এ উদ্যোগকে সংশ্লিষ্টরা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তবে প্রচার-প্রচারণা তুলনামূলক কম থাকায় অনেক সম্ভাব্য ভোটার পোস্টাল ভোট দিতে পারেননি বলে অভিযোগ রয়েছে।
ইমতিয়াজ/এআরএস

