বগুড়ায় ভোটের টাকা বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২১
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার নন্দীগ্রামে ভোটের টাকা বিতরণের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা ও অন্য এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে নন্দীগ্রাম উপজেলার পারশুন গ্রামে এ সংঘর্ষ হয়।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, পারশুন গ্রামের আব্দুল আজিজের বাড়িতে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা বেলাল ও জামায়াতের কয়েকজন নেতাকর্মী ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন। ঘটনাস্থল থেকে বেলালসহ দুইজনকে আটক করে বুড়ইল ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানার বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জামায়াতের প্রায় দুই শতাধিক নেতাকর্মী মাসুদ রানার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলাকারী দল লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে মাসুদ রানা ও তার ভাইকে মারধর করে এবং আটক দুইজনকে ছিনিয়ে নেয়। এ সময় মাসুদ রানার বাড়িসহ তিনটি বাড়ি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত মাসুদ রানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের পক্ষ থেকে কোনো হামলা হয়নি। বরং বিএনপির নেতাকর্মীরা আমাদের কর্মী গালিবকে মারধর করে আহত করেছে। মিথ্যা অভিযোগে আমাদের দুই কর্মীকে আটক রেখে নির্যাতন করা হয়েছে।’
অন্যদিকে, বগুড়া-৪ আসনের বিএনপি প্রার্থী মোশারফ হোসেন বলেন, ‘পুলিশের উপস্থিতিতে কীভাবে এই হামলার ঘটনা ঘটল, তা আমাদের বোধগম্য নয়। এভাবে চলতে থাকলে ভোটের দিন পরিস্থিতির চরম অবনতি হবে। আমরা এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছি।’
পুলিশ উভয় পক্ষের কাছ থেকে ঘটনার বিবরণ নিয়ে অভিযোগপত্র (জিডি) নেওয়ার কথা জানিয়েছে। তবে এখনও এ ঘটনায় কোনো মামলা বা গ্রেপ্তার হয়নি বলে জানা গেছে।
এআরএস

