এই নির্বাচনকে দেশের কাজে লাগাতে হবে : মির্জা ফখরুল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৪৯
ছবি: সংগৃহীত
পঞ্চগড়-২ আসনে বিএনপির প্রার্থী ফরহাদ হোসেনকে নির্বাচনে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল।
রোববার বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার ঐতিহাসিক দেবদারুতলায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই নির্বাচনকে আমাদের দেশের কাজে লাগাতে হবে, অর্থবহ করতে হবে। যাতে সত্যিকার অর্থেই একটি কার্যকর, সৃজনশীল ও ইফেক্টিভ সরকার গঠন করা সম্ভব হয়।”
মির্জা ফখরুল উল্লেখ করেন, “আপনারা জানেন আমরা দীর্ঘ ১৫ বছর সংগ্রাম করেছি, লড়াই করেছি। বিএনপির প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। ২০ হাজার মানুষ নিহত হয়েছেন। ১৭ হাজার রাজনৈতিক নেতা–কর্মীকে গুম করা হয়েছে এবং ২০২৪ সালের জুলাইয়ে প্রায় দুই হাজার ছাত্র, যুবক ও শ্রমিক নিহত হয়েছেন। এত ত্যাগ, এত রক্তপাতের বিনিময়ে আমরা অবশেষে একটি সুন্দর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন পেতে যাচ্ছি।”
জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, “আজকের নির্বাচনে সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছে একটি দল। তারা বিশ্বাসযোগ্য নয়। কারণ ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছে। পাকিস্তান আন্দোলনেও তারা দেশের মানুষের কল্যাণ চায়নি। এ কারণে তাদের পক্ষে দেশকে নিরাপদ মনে করা যায় না।”
বিএনপির ইতিহাস ও প্রস্তাবনা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “আমার দল বিএনপি—স্বাধীনতার ঘোষণাকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। নেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সারা জীবন আপসহীন সংগ্রাম করেছেন। বিএনপি একমাত্র দল যা স্থিতিশীল অর্থনীতি, মানুষের চাহিদা পূরণ এবং দেশের সামনের দিকে অগ্রগতি নিশ্চিত করতে সক্ষম। জামায়াতের এমন কোনো অভিজ্ঞতা নেই এবং ভবিষ্যতে থাকবে না।”
সভায় মির্জা ফখরুল পঞ্চগড়-২ আসনে বিএনপির প্রার্থী ফরহাদ হোসেনের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন।

