Logo

সারাদেশ

চরফ্যাসনে ঝুঁকিপূর্ণ ৯ কেন্দ্রে বিশেষ বাহিনী মোতায়েন

Icon

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫

চরফ্যাসনে ঝুঁকিপূর্ণ ৯ কেন্দ্রে বিশেষ বাহিনী মোতায়েন

পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ছবি : বাংলাদেশের খবর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ‘গণতন্ত্রের শুভ সূচনা’ হিসেবে উল্লেখ করে ভোলার পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল্লাহ কাওছার বলেছেন, ‘ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে ঘরে ফিরতে পারবেন। ভোটকেন্দ্র বা কেন্দ্রগামী পথে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি জানান, চরফ্যাসন উপজেলার ১৩০টি ভোটকেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে নৌবাহিনী ও কোস্টগার্ডকে বিশেষ গুরুত্ব দিয়ে স্থায়ীভাবে মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে চরফ্যাসন টি. বি. স্কুল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা পুলিশ আয়োজিত ‘ব্রিফিং প্যারেড’ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

পুলিশ সুপার আরও বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের প্রয়োজনীয় সব ক্ষমতা, এমনকি ক্ষেত্রবিশেষে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও প্রদান করা হয়েছে। ভোটগ্রহণ ও কেন্দ্র পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব তাদের ওপর থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি থানা এলাকায় পর্যাপ্ত সংখ্যক মোবাইল টিম ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবে।

তিনি জানান, স্ট্রাইকিং ফোর্স ভোটকেন্দ্রের বাইরের নিরাপত্তা নিশ্চিত করবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, র‍্যাব ও আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করবে।

ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার অরিত কুমার সরকার, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, নৌবাহিনী ও আনসার কমান্ডারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া লালমোহন ও চরফ্যাসনসহ মোট ৬টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নেন।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন গণভোট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর