Logo

সারাদেশ

৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৭

ভোটের ঠিক এক দিন আগে বিপুল পরিমাণ নগদ টাকাসহ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বেলাল উদ্দিন প্রধান। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করে।

নীলফামারী জেলা পুলিশ সুপার (এসপি) বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম গণমাধ্যমকে জানান, আটক মাওলানা বেলালের কাছ থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা। তবে টাকার সঠিক অঙ্ক নির্ণয়ে পুনরায় গণনা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দাবি করেছেন, এই অর্থ তার ব্যবসার।

নির্বাচনের আগমুহূর্তে জেলা জামায়াতের শীর্ষ নেতার বিপুল অর্থসহ আটকের খবর ছড়িয়ে পড়লে ঠাকুরগাঁও জেলাজুড়ে তোলপাড় শুরু হয়। বিশেষ করে ঠাকুরগাঁও-১ আসনের ভোটারদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় অনেকেই বলছেন, ভোটের আগের দিন এত টাকা বহনের বিষয়টি সন্দেহজনক এবং এটি সংশ্লিষ্ট দলের জন্য বড় ধরনের নেতিবাচক বার্তা হতে পারে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া অর্থের উৎস এবং এই টাকা নির্বাচনী কোনো কাজে ব্যবহারের উদ্দেশ্য ছিল কি না, তা গভীরভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবু সালেহ/এমএইচএস  

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর