Logo

সারাদেশ

জুড়ীতে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৬

জুড়ীতে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

মৌলভীবাজারের জুড়ীতে বিএনপির প্রার্থী নাসির উদ্দীন মিঠু ও তার সহযোগীদের বিরুদ্ধে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়েছে, নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে সশস্ত্র সহযোগীরা জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) জোটের নেতাকর্মীদের ওপর বর্বর হামলা চালায়।

হামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুলাউড়া উপজেলার যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম রুমেল, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, মৌলভীবাজার-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলামের বড় ভাইসহ একাধিক নেতাকর্মী গুরুতর আহত হন।

অভিযোগ রয়েছে, হামলার পর সহিংসতা অব্যাহত থাকে। আহত এক গাড়িচালককে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিযোগকারীরা দাবি করেন, বিএনপি প্রার্থী নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে এলাকায় প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে।

জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান বলেন, ‘নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়। আমি নিজেও তাদের হামলায় আহত হই।’

এ বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠু বলেন, ‘জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমানসহ কয়েকজন শিলুয়া এলাকায় যান। সেখানে টাকা বিতরণের চেষ্টা করলে আমার নেতাকর্মীরা বাধা দেয়। এদিকে আরও কয়েকজন আমার বাসার সামনে হামলা করার চেষ্টা করে। আমি ইউএনওকে বিষয়টি অবহিত করেছি।’

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ দস্তেগীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘ঘটনাটি আমরা শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গেলে আপনাদের বলতে পারব কী ঘটেছে।’

জিয়াউল হক/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর