Logo

সারাদেশ

উখিয়ায় বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৩

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৭

উখিয়ায় বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৩

নির্বাচনের আগের দিন কক্সবাজারের উখিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বালুখালী এলাকায় এ অভিযান চালানো হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সন্ত্রাসীরা অস্ত্রসহ অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে বালুখালী ১ নম্বর ওয়ার্ড এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি ‘জুলু ডাকাত’-এর ছেলে আমিন, তার দেহরক্ষী জানে আলমসহ তিনজনকে আটক করা হয়।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি একে-২২ রাইফেল, একটি দেশীয় পিস্তল, দুটি একনলা বন্দুক, দুটি দেশীয় ধারালো অস্ত্র, একটি পিস্তল ম্যাগাজিন, দুটি রাইফেল ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তল অ্যামুনিশন, ৮৯ রাউন্ড রাইফেল অ্যামুনিশন, দুটি কার্তুজ এবং দুটি ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়।

সেনাবাহিনী আরও জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বালুখালী এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অপতৎপরতা দমনের লক্ষ্যেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমএইচএস


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অস্ত্র উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর