এই বিজয় উল্লাসের নয়, এটি দায়িত্বের : শামা ওবায়েদ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৬
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হওয়ার পর দলীয় নেতাকর্মীসহ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
পোস্টে শামা ওবায়েদ লেখেন, ‘প্রিয়, নগরকান্দা ও সালথাবাসী আপনাদের ভালোবাসা, আস্থা ও দোয়ার ফলেই আমি বিপুল ভোটে বিজয় অর্জন করেছি। এই বিজয় কোনো ব্যক্তির নয়, এটি নগরকান্দা ও সালথার প্রতিটি মানুষের বিজয়। কৃষক, শ্রমিক, দিনমজুর, ছোট ব্যবসায়ী, তরুণ-তরুণী, মা-বোন ও আপনারা যে বিশ্বাস আমার ওপর রেখেছেন, আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখার অঙ্গীকার করছি। এই বিজয় উল্লাসের নয়, এটি দায়িত্বের।’
তিনি আরও লেখেন, ‘আজ থেকে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। দলমত নির্বিশেষে নগরকান্দা ও সালথার প্রতিটি মানুষ আমার আপনজন। আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো- ইনশাআল্লাহ। আমি কৃতজ্ঞ সকল নেতাকর্মী, স্বেচ্ছাসেবক, সমর্থক এবং নিরপেক্ষ ভোটারদের প্রতি- যারা শান্তিপূর্ণ ও দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন।’
শামা ওবায়েদ লেখেন, ‘আসুন, আমরা বিভাজন নয়— ঐক্যের রাজনীতি করি। ভয় নয়, বিশ্বাসের রাজনীতি করি। ক্ষমতার নয়, মানুষের রাজনীতি করি। নগরকান্দা ও সালথার উন্নয়ন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষাই হবে আমার অগ্রাধিকার। আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৪১জন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মোট ১১৭টি ভোটকেন্দ্রের সবকটির গণনা শেষে রাত ১১ টার দিকে প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির শামা ওবায়েদ পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় জোটের আল্লামা শাহ্ আকরাম আলী পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট। চূড়ান্ত হিসেবে শামা ওবায়েদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকরাম আলীর চেয়ে ৩২ হাজার ৯৫৩ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন।
মো: পারভেজ মিয়া/এসএসকে/

