ছবি: সংগৃহীত
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোনাবাড়ী থানার আওতাধীন আমবাগ এলাকার ঈদগাহ মাঠসংলগ্ন একটি ঝুটের গুদামে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং গুদামে থাকা বিপুল পরিমাণ ঝুটে দাউদাউ করে জ্বলে ওঠে।
আগুনের ঘটনা দেখে স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজেদের উদ্যোগে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ও চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মামুন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁদের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। গুদামে প্রচুর ঝুট মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি জটিল হয়ে ওঠে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এএস/

