ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৭
ছবি : বাংলাদেশের খবর
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা। বেতন না দিয়েই শেফার্ড (গ্রুপ) জিন্স অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
শ্রমিকদের অভিযোগ, এক মাসের বকেয়া বেতন ও ছুটির টাকা পরিশোধ না করে কোনো পূর্বনোটিশ ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এসব কারণে তারা ক্ষোভে মহাসড়ক অবরোধ করেন।
অবরোধের ফলে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুইপাশে যান চলাচল বন্ধ থাকে। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও বিভিন্ন পণ্যবাহী পরিবহন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
পরে থানা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে সরিয়ে আনা হয়েছে। শ্রমিকদের নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। আশা করি দ্রুত সমাধান হয়ে যাবে। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
রোমান আহমেদ নকিব/এমবি

