Logo

সারাদেশ

ফুলগাজীতে জামায়াত সমর্থকের ৫ দোকান ভাঙচুর, কৃষকদল নেতা বহিষ্কার

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৬

ফুলগাজীতে জামায়াত সমর্থকের ৫ দোকান ভাঙচুর, কৃষকদল নেতা বহিষ্কার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট বাজারে জামায়াত-সমর্থিত ব্যক্তিদের পাঁচটি দোকান ভাঙচুর করেছে কৃষকদলের নেতাকর্মীরা। এ ঘটনায় ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. সুমনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট বাজারে জামায়াত-সমর্থিত ব্যক্তিদের পাঁচটি দোকান ভাঙচুর করেছে কৃষকদলের নেতাকর্মীরা। এ ঘটনায় ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. সুমনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ও ফুলগাজী থানা সূত্র জানায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পুরাতন মুন্সিরহাট বাজারের পোস্ট অফিস রোডে ও রেললাইনের সংলগ্ন জামায়াত নেতা আনোয়ারের জুতা ও ক্রোকারিজের দোকানে ভাঙচুর চালায় কৃষকদল নেতা মো. সুমন, তার সহযোগী যুবদল নেতা মো. হেলাল ও বেলাল এবং মো. ইলিয়াস। একই সময়ে বাজারের প্রধান সড়কে অবস্থিত আমির হামজার দোকান, করিম ও রিগেনের দোকানেও তারা ভাঙচুর চালায়।

এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে ফুলগাজী থানায় চারজনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করে অভিযোগ দায়ের করেন।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ফেনী-১ আসনের জামায়াতের প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন। তিনি ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে কথা বলেন এবং এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এ সময় উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী, নায়েবে আমির আবুল হোসেন মিয়াজি ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমাদ আজাদ উপস্থিত ছিলেন।

ঘটনার পরপরই উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল হোসেন ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত দোকানদারদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল হোসেন ভূঁইয়া বলেন, দুষ্কৃতিকারী-সন্ত্রাসী যে দলেরই হোক তাদের কোনো ছাড় নেই। কোনো দুষ্কৃতিকারী আমাদের দলের কেউ হতে পারে না। তাদের কোনো অন্যায় কাজ আমাদের দল গ্রহণ করবে না।

এদিকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনী-১ আসনের ধানের শীষের বিজয়ী রফিকুল আলম মজনুর সঙ্গে দলীয় নেতাকর্মীরা দেখা করার পর মুন্সিরহাট ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. সুমনকে বহিষ্কার করা হয়।

উপজেলা কৃষকদলের সভাপতি মো. আবু আহমেদ আবু ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন রিয়াজের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সুমনকে বহিষ্কার করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে জাতীয়তাবাদী কৃষকদলের মুন্সিরহাট ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সুমনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এম. এমরান পাটোয়ারী/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর