Logo

সারাদেশ

বগুড়ায় ছাত্রদল নেতা ফাহিম খুন

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫১

বগুড়ায় ছাত্রদল নেতা ফাহিম খুন

বগুড়া শহরের মাটিডালী এলাকায় ফাহিম হাসান (১৯) নামের এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মাটিডালী উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য এবং স্থানীয় একটি ঢালাই কারখানার শ্রমিক ছিলেন। তিনি মাটিডালী দক্ষিণ নওদাপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে উপজেলা পরিষদের সামনে পৌঁছালে ফাহিমের ওপর হামলা চালানো হয়। এ সময় তনয় নামের এক যুবক তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বেলা পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামলায় সাব্বির শেখ নামে আরও এক যুবক আহত হয়েছেন।

নিহতের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।

নিহতের স্বজনদের দাবি, ফাহিমের বোনকে বিয়ে করতে চেয়েছিলেন অভিযুক্ত তনয়। পরিবার রাজি না হওয়ায় এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ব্যক্তিগত শত্রুতার পাশাপাশি রাজনৈতিক বিরোধও চরম আকার ধারণ করে বলে তারা অভিযোগ করেন।

ফাহিমের বোনের স্বামী সেতু মিয়া জানান, এর আগেও তনয় তাকে ছুরিকাঘাত করেছিলেন। তার দাবি, ব্যক্তিগত আক্রোশ ও রাজনৈতিক বিরোধ মিলিয়েই পূর্বশত্রুতার জেরে  পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহফুজ আলম জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত তনয় পলাতক রয়েছেন। নিহতের মরদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

জুয়েল/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর