বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস কর্মী নিহত
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩১
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহসান হাবিব (৪৬) নামে এক ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন। শনিবার রাত ২টার দিকে শেরপুরের মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চান্দাইকোনা এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে যাওয়ার জন্য গাড়ি বের করছিল ফায়ার সার্ভিস।
স্টেশন থেকে গাড়িটি নিরাপদে মহাসড়কে তোলার সময় সিগন্যালের দায়িত্বে ছিলেন ফায়ার ফাইটার আহসান হাবিব। তিনি বগুড়াগামী একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ন ১৯-২১৪৯) থামার জন্য সংকেত দেন। ট্রাকটি থামার পর পেছন থেকে দ্রুতগতির ‘আহসান পরিবহন’ নামে একটি বাস ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ট্রাকটি সামনের দিকে ছিটকে গিয়ে সড়কে দাঁড়ানো আহসান হাবিবকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আহসান হাবিব গাইবান্ধার সাঘাটা উপজেলার খামার ধরারুহা এলাকার মৃত আবেদার রহমানের ছেলে। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন জানান, ঘাতক বাস ও ট্রাকটি আটক করা হয়েছে।
এর আগে রাত ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হামছায়াপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত প্রাইভেট কার খাদিজা খাতুনকে (৩৯) ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে গেলে একটি গাড়ির চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কায় তিনি প্রায় ৩০ হাত দূরে ছিটকে পড়েন।
আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি শাহ বন্দেগি ইউনিয়নের খন্দকারটোলা মুন্সিপাড়া এলাকার আমিনুল ইসলামের স্ত্রী।
শনিবার রাত ৯টার দিকে গাড়িদহ ইউনিয়নের দশ মাইল এলাকায় অপর একটি দুর্ঘটনা ঘটে। একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহীরা রাস্তায় ছিটকে পড়েন। এ সময় পেছনের গাড়িগুলো ব্রেক কষলে পেছন থেকে আসা একটি ট্রাক সেগুলোকে ধাক্কা দেয়, যা ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি করে।
এতে মোটরসাইকেল আরোহী আরজু (২৮) ও শুভ (২৮) সহ চারজন আহত হন। শুভর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শজিমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে রোববার দুপুর ১২টার দিকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
হাইওয়ে পুলিশের এসআই মোরতাজা নুর জানান, দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আব্দুল ওয়াদুদ/এআরএস

