Logo

সারাদেশ

শেরপুরে বিএনপির এজেন্টকে পিটিয়ে জখম, মোটরসাইকেল ভাঙচুর

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৬

শেরপুরে বিএনপির এজেন্টকে পিটিয়ে জখম, মোটরসাইকেল ভাঙচুর

ছবি : বাংলাদেশের খবর

শেরপুর-১ (সদর) আসনে বিএনপির প্রার্থীর প্রধান নির্বাচনি এজেন্টকে পথ আটকিয়ে মারধর ও তার মোটরসাইকেল ভাঙচুর করার অভিযোগ উঠেছে জামায়াতের কর্মীদের বিরুদ্ধে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া-বালুরঘাটের নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত গিয়াস উদ্দিন রাসেল (৩৫) শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি হেরুয়া বালুরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকার প্রধান নির্বাচনি এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দৈনিক ভোরের চেতনার শেরপুর জেলা প্রতিনিধি।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেল অভিযোগ করেন, ‘আমি বিএনপি করি এবং ধানের শীষের নির্বাচনি এজেন্ট ছিলাম, এ কারণেই জামায়াতের কর্মী-সমর্থকরা আমার ওপর হামলা চালিয়েছে।’

তিনি জানান, কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে নামাপাড়া এলাকায় পৌঁছালে তিনজন ব্যক্তি তাকে পিছু নেয়। এরপর সেখানে অবস্থানরত আরও ৮-৯ জন মিলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বেদম মারধর শুরু করে। একপর্যায়ে প্রাণ বাঁচাতে তিনি একটি দোকানে আশ্রয় নিলে সেখানেও তাকে মারধর করা হয় বলে জানান তিনি।

রাসেলের অভিযোগ, চরশেরপুর ইউনিয়নের তালুকপাড়া গ্রামের কেরামত, জামাল, সোহেল, মনির ও তার ভাইয়ের নেতৃত্বে ১২-১৩ জন এই হামলায় অংশ নেয়।

ঘটনার পর শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাতসহ বিএনপির নেতারা হাসপাতালে যান।

সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম বলেন, ‘জামায়াতের এমপি নির্বাচিত হওয়ার পর থেকে তারা বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং রাসেলের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

বিএনপির এমপি প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এই হামলার প্রতিবাদ জানিয়ে দ্রুত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘ঘটনাটি জেনেছি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শাহরিয়ার শাকির/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর