Logo

সারাদেশ

সোনারগাঁয়ে নিখোঁজ যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪

সোনারগাঁয়ে নিখোঁজ যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নাঈম (২২) নামে এক যুবককে কুপিয়ে বস্তাবন্দি করে হত্যার ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নাঈম (২২) নামে এক যুবককে কুপিয়ে বস্তাবন্দি করে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বারদী ইউনিয়নের পরমেশ্বরদী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাঈম পরমেশ্বরদী এলাকার হেকিম হাজির ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ৮টার দিকে এলাকার একটি কৃষিজমিতে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। বস্তার ভেতরে নড়াচড়া লক্ষ্য করে সন্দেহ হলে তারা কাছে যান। পরে বস্তা খুলে নাঈমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পথেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, ‘পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। কী কারণে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে। অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের টিম কাজ করছে।’

তরুণ শ্রমিকের এমন নৃশংস হত্যার ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। নিহতের পরিবার দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

মো. সজিব হোসেন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর