চাঁদপুরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণ, প্রাণনাশের হুমকি
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০
ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালীর বাড়িতে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে আরও দুটি 'চকলেট বোমা' উদ্ধার করেছে পুলিশ।
পাশাপাশি, দুর্বৃত্তরা আলাদা পলিথিনে মোড়ানো দাফনের কাপড় ও বিভিন্ন সরঞ্জাম বাড়ির সামনে ফেলে রেখে একটি চিরকুটে প্রাণনাশের হুমকি দিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ওই ইউপি চেয়ারম্যান জানান, সোমবার রাত ১১টার পর হঠাৎ তার বাড়ির সামনে বিকট শব্দ শুনতে পান তিনি। খবর পেয়ে পুলিশ ও প্রতিবেশীরা ঘটনাস্থলে এলে দুটি চকলেট বোমা এবং দাফনের কাপড়সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত তা নিশ্চিত করে বলতে পারেননি মফিজুল ইসলাম। তিনি চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মতলব উত্তর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান মনির জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি চকলেট বোমা এবং দাফনের কাপড় উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে বলে তিনি নিশ্চিত করেন।
আলআমিন ভূঁইয়া/এআরএস

