Logo

সারাদেশ

রোজার আগেই ভালুকায় লেবুর দামে আগুন

Icon

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৫

রোজার আগেই ভালুকায় লেবুর দামে আগুন

পবিত্র রমজানকে সামনে রেখে ভালুকার কাঁচাবাজারগুলোতে লেবুর দামে হঠাৎ ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। রোজা শুরুর আগেই প্রতি হালি লেবুর দাম বেড়ে চারগুণ পর্যন্ত হয়েছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। বর্তমানে ছোট সাইজের লেবু প্রতি হালি ৬০ টাকা, মাঝারি ৭০ টাকা এবং বড় সাইজের লেবু ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আকার একটু বড় হলেই হালি প্রতি ৯০ থেকে ১০০ টাকা পর্যন্ত হাঁকানো হচ্ছে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ভালুকা পৌরশহর বাজার, সিডস্টোর বাজার ও স্কয়ার মাস্টারবাড়ী কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতারা জানান, সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে। অন্যদিকে ক্রেতারা বলছেন, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেন। 

সরেজমিনে দেখা যায়, আকারভেদে প্রতি হালি লেবু ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও বড় সাইজের লেবু ৯০-১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কেজি দরে লেবুর দাম ১৮০ টাকা। বিক্রেতারা জানান, এক কেজিতে গড়ে ১২টি লেবু থাকছে।

সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, রমজানকে সামনে রেখে লেবু এখন বিলাসী পণ্যের মতো হয়ে গেছে। আগে তরকারি বা ভাতের সঙ্গে নিয়মিত লেবু খেতাম। এখন যে দাম দেখছি, তাতে কিনে খাওয়া কঠিন। যেভাবে দাম বাড়ছে, তা সাধারণ মানুষের বাজেটে নতুন চাপ তৈরি করছে। বাজারে সরবরাহ পরিস্থিতি ও প্রশাসনিক নজরদারি এখন খুবই গুরুত্বপূর্ণ। 

সিডস্টোর বাজারের ব্যবসায়ী আল আমিন বলেন, বর্তমানে বাজারে লেবুর আমদানি কম। আমরা বাগান মালিকদের থেকে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছি। সারা বছর যেসব গাছে কিছু লেবু পাওয়া যায়, এখন সেগুলোর ফলই বাজারে আসছে। সরবরাহ কম থাকায় দাম বাড়ছে। 

ক্রেতাদের দাবি, রমজান মাসে লেবুর চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তাই আগাম পরিকল্পনা ও বাজার তদারকি না থাকলে দাম আরও বাড়তে পারে। ব্যবসায়ীরাও আশঙ্কা করছেন, সামনে রোজা শুরু হলে চাহিদা আরও বৃদ্ধি পাবে এবং সরবরাহ স্বাভাবিক না হলে দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে।

রোমান আহমেদ নকিব/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাজার দর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর