কিশোরগঞ্জে ২ ঘণ্টার ব্যবধানে জামাই ও শ্বশুরের মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩২
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মাত্র দুই ঘণ্টার ব্যবধানে শ্বশুর ও জামাইয়ের মৃত্যু হয়েছে। আকস্মিক এই দুই মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে মো. আবদুল করিম (৭২) শ্বাসকষ্টজনিত রোগে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শ্বশুরের মৃত্যুর সংবাদ পাওয়ার পর মেয়ের স্বামী মো. হিরা মিয়া (৪৮) হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।
হোসেনপুর উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের ভরুয়া গ্রামের মৃত ইউনুস আলীর পুত্র মো. আবদুল করিম (৭২) ও একই গ্রামের মৃত মহর উদ্দিনের পুত্র ও আবদুল করিমের মেয়ের স্বামী মো. হিরা মিয়া (৪৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, শশুর আবদুল করিম শ্বাসকষ্টজনিত রোগে অনেকদিন ধরে ঢাকায় চিকিৎসারত অবস্থায় আছেন। মঙ্গলবার সকালে শশুরের মৃত্যুর সংবাদ পাওয়ার পর মেয়ের স্বামী মো. হিরা মিয়া (৪৮) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা জানান, তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং কিছুক্ষণ পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পরিবারের সদস্যরা দ্রুত চিকিৎসার ব্যবস্থার চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এ বিষয়ে আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবরটি খুবই হৃদয়বিদারক। একই দিনে শ্বশুর ও জামাইয়ের মৃত্যুতে এলাকাবাসী গভীরভাবে মর্মাহত।
একই পরিবারের দুই সদস্যের পরপর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে
আব্দুর রউফ/এসএসকে/

