নারায়ণগঞ্জে মূল্যতালিকা না থাকায় তিন দোকানিকে জরিমানা
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২০
ছবি: সংগৃহীত
মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করার দায়ে নারায়ণগঞ্জ শহরের তিনটি খেজুর দোকানের মালিককে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ২ নম্বর রেলগেট ও নিতাইগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর–এর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। এ সময় নারায়ণগঞ্জ জেলা খাদ্য পরিদর্শক সালাউদ্দিন জুয়েল এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
হৃদয় রঞ্জন বণিক বলেন, পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ ও বাজার তদারকির অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিভিন্ন মৌসুমভিত্তিক ফল, বিশেষ করে খেজুরসহ অন্যান্য ফলের মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে খেজুরের বক্সের ওপর খেজুরের নাম ও মূল্য ট্যাগ সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।
তিনি বলেন, দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

