টঙ্গিবাড়ীতে নামজারির নামে অর্থ আদায়ের অভিযোগ
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৫:২২
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়ন ভূমি অফিসে নামজারি করার নামে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে অফিস সহকারী মনির হোসেনের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, নামজারি করতে ১৫ হাজার টাকা নেওয়া হচ্ছে। যদিও সরকারিভাবে নামজারি ফি মাত্র ১ হাজার ১শ’ টাকা। এর আগে মনির হোসেন এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকার চুক্তি করে ৫ হাজার টাকা নিয়ে বাকি টাকা না দেয়ায় নামজারি বাতিল করে দেন। পরে বিষয়টি জানাজানি হলে টাকা ফেরত দেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, আড়িয়ল ইউনিয়ন ভূমি অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না। অর্থের বিনিময়ে জমির কাগজপত্র যাচাই-বাছাই ছাড়াই প্রতিবেদন তৈরি করা হয় এবং টাকা দিলে নামজারি আবেদন করা হয়। নামজারি আবেদন করতে অনলাইনে ১ হাজার টাকা নেওয়া হয়। এছাড়া নায়েবের কম্পিউটার ব্যবহার করেন উম্মেদার শুভ নামের এক ব্যক্তি। অফিস সহকারী মনির হোসেন সেবা নিতে আসা গ্রাহকদের কাছ থেকে নানা কৌশলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
ধীপুর এলাকার বাসিন্দা হায়াতুল ইসলাম জানান, তিনি নামজারি করতে গেলে হিন্দুদের সম্পত্তি বলে নানান জটিলতায় ফেলে দেয়া হয়। পরে তাকে ২০ হাজার টাকা দিলে এক সপ্তাহের মধ্যে নামজারি সম্পন্ন করার কথা বলা হয়। দর কষাকষির মাধ্যমে ১৫ হাজার টাকা দিয়ে কাগজপত্র জমা দিয়ে আসেন। কিন্তু টাকা দেয়ার পরও মাস পেরিয়ে গেলেও নামজারি সম্পন্ন হয়নি।
এ বিষয়ে অভিযুক্ত মনির হোসেন বলেন, এটা ‘খ’ তফসিলের হিন্দুদের জায়গা। কাজ হয়ে গেছে, আজকে দিয়ে দেওয়ার কথা। নামজারি ফি নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, সেটা নায়েব জানে। পার্টির সাথে এ বিষয়ে সমাধান করা হবে।
আড়িয়ল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. সেলিম হোসেন টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, পার্টির সাথে কথা বলেছি, তিনি বলেছেন স্বেচ্ছায় টাকা দিয়েছেন। তারপরও যদি টাকা চান, তবে আসতে বলুন। আমি সমাধান করে দিব।
এ বিষয়ে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। অভিযোগ করলে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।
নাজমুল ইসলাম পিন্টু/এমবি

