বান্দরবানে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
সোহেল কান্তি নাথ, বান্দরবান
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৬
ছবি : বাংলাদেশের খবর
গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় পার্বত্য জেলা বান্দরবানে পালিত হয়েছে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। বান্দরবানের সাংসদ সাচিংপ্রু জেরী'র পক্ষে জেলা বিএনপির নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ১৯৫২-এর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেন।
এরপর পর্যায়ক্রমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা প্রভাতফেরি ও কালোব্যাজ ধারণের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরে।
বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির অধিকার আদায়ের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদদের ত্যাগ কখনো ভোলার নয়। ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারাদিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের পরিবেশে।
এআরএস

