Logo

সারাদেশ

কুমিল্লায় প্রকাশ্যে ট্রাক-লেগুনা থেকে চাঁদা আদায়, গ্রেপ্তার ৯

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৯

কুমিল্লায় প্রকাশ্যে ট্রাক-লেগুনা থেকে চাঁদা আদায়, গ্রেপ্তার ৯

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার কাঁচাবাজার এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নগদ টাকা ও টাকা আদায়ের ভুয়া রশিদ বই উদ্ধার করে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে প্রতি ট্রাক থেকে ১ হাজার ৭০০ টাকা এবং প্রতি লেগুনা থেকে ১ হাজার ৫০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছিল— এমন অভিযোগের ভিত্তিতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ডিবি পুলিশ ও বুড়িচং থানা যৌথ অভিযান চালায়। অভিযানের সময় মহাসড়কের ওপর কাঁচামালবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন থেকে প্রকাশ্যে চাঁদা আদায়ের সময় ৯ জনকে হাতেনাতে আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে উদ্ধার হওয়া রশিদ বই পর্যালোচনায় দেখা যায়, প্রতিটি ট্রাক থেকে প্রায় ১ হাজার ৭০০ টাকা, লেগুনা থেকে ১ হাজার ৫০০ টাকা, ছোট গাড়ি থেকে ১ হাজার টাকা এবং অটোরিকশা ও অন্যান্য মালবাহী যানবাহন থেকে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল। এসব চাঁদা আদায়ের কোনো বৈধ অনুমোদন ছিল না বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাজারে টোলের নামে প্রকাশ্যে চাঁদাবাজি চলে আসছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বাজার ব্যবস্থাপনায় অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে।

কুমিল্লা কোতয়ালি সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, নিমসার কাঁচাবাজারে চাঁদাবাজির অভিযোগ পেয়ে ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান চালায়।

কুমিল্লা জেলা পুলিশের পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, কুমিল্লায় সব ধরনের চাঁদাবাজির বিষয়ে তারা জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন। এ সময় ৯ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চাঁদাবাজি গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর