কক্সবাজারে শুরু হলো ঢাকামুখী বৌদ্ধ শান্তি পদযাত্রা
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২৬
ছবি: সংগৃহীত
মানুষে মানুষে ভালোবাসা, সকল প্রাণীর প্রতি মৈত্রী এবং বিশ্বশান্তির বার্তা ছড়িয়ে দিতে বৌদ্ধ ভিক্ষুদের ঢাকামুখী শান্তি পদযাত্রা পর্যটন নগরী কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্ট থেকে শুরু হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সৈকতের কলাতলী পয়েন্ট থেকে পদযাত্রা শুরু হয়ে সুগন্ধা ও লাবণী পয়েন্ট অতিক্রম করে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাবোধি মহাথের এবং চট্টগ্রাম শান্তি ও সম্প্রীতি পরিষদের সমন্বয়ক চারুউত্তম বড়ুয়া।
চট্টগ্রাম শান্তি ও সম্প্রীতি পদযাত্রা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, পেশাজীবী, সমাজসেবী ও বৌদ্ধ ভিক্ষুসহ অর্ধশতাধিক শান্তিপ্রিয় মানুষ অংশ নেন।
আয়োজকদের মতে, ধর্ম-বর্ণের বিভেদ ভুলে পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতা গড়ে তোলাই এ পদযাত্রার মূল লক্ষ্য।
চট্টগ্রাম শান্তি ও সম্প্রীতি পদযাত্রা পরিষদের আহ্বায়ক চারুউত্তম বড়ুয়া বলেন, কক্সবাজার থেকে শুরু হওয়া এ পথযাত্রা শনিবার চট্টগ্রাম শহরে পৌঁছাবে। এরপর সোমবার কুমিল্লা হয়ে মঙ্গলবার রাজধানী ঢাকায় প্রবেশ করবে। ঢাকার মেরুল বাড্ডা, কুড়িল বিশ্বরোড, বনানী, গুলশান, হাতিরঝিল, কারওয়ান বাজার ও ফার্মগেট অতিক্রম করে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটবে।
শান্তির বার্তা নিয়ে এগিয়ে চলা এ পদযাত্রা ঘিরে স্থানীয়দের মাঝেও আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।
এএস/

