স্বাক্ষর জাল করে উপজেলা বিএনপি কমিটি বিলুপ্ত, ক্ষুব্ধ রিজভী
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৯:৫৫
রুহুল কবির রিজভী ও তার জাল স্বাক্ষরিত ভুয়া বিজ্ঞপ্তি | ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে চাঁদপুরের কচুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করার অভিযোগ উঠেছে। আর এ ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করে বিবৃতি দিয়েছেন বিএনপির সিনিয়র এ নেতা। এ প্রসঙ্গে রিজভী বলেছেন, একটি কুচক্রী মহল, ফ্যাসিস্টদের দোসর অসৎ উদ্দেশ্যে আমার স্বাক্ষর জাল করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে।
সোমবার (১১ নভেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দপ্তর থেকে এক বিবৃতিতে রুহুল কবির রিজভী এ দাবি করেন।
এ সময় তিনি বলেন, কোনও স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। ফেসবুকে পোস্ট করা প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।
রিজভী বলেন, ওই প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া। ফেসবুকে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এই বিষয়ে বলেন, কচুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়নি। সিনিয়র যুগ্ম মহাসচিবের স্বাক্ষর জাল করে ফ্যাসিস্টদের দোসর ও স্বার্থন্বেষী মহল ফেসবুকে কমিটি বিলুপ্তির ঘটনা প্রচার করে।
বিএইচ/

