কুষ্টিয়ায় বিচারপতি আবু জাফর সিদ্দিকীর নামে ‘অবৈধ বিশ্ববিদ্যালয়’ বাতিলের দাবি
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১৯:৩৭
কুষ্টিয়ায় বিচারপতি আবু জাফর সিদ্দিকীর নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় বাতিল এবং সরকারি অর্থে নির্মিত তার নামের সকল প্রতিষ্ঠান জনহিতৈষী ব্যক্তি বা এলাকার নামে নামকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (০২ মার্চ) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘কুষ্টিয়ার সর্বস্তরের জনতা’র ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বর্তমান সরকার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ক্ষমতার অপব্যবহার করে এবং সরকারি অর্থ ব্যয় করে কুষ্টিয়ায় আবু জাফর সিদ্দিকীর নামে একটি তথাকথিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাঁয়তারা করা হয়েছে, যার কোনো বৈধ ভিত্তি নেই। তারা অবিলম্বে এই অবৈধ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের দাবি জানান।
বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী সরকারের সুবিধাভোগী হিসেবে আবু জাফর সিদ্দিকী নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন এলাকায় তার নামে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামো গড়ে তুলেছেন। আমরা চাই এসব প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে এলাকার বিশিষ্ট গুণীজন, বীর মুক্তিযোদ্ধা অথবা সংশ্লিষ্ট এলাকার নামে নামকরণ করা হোক।
এদিন দুপুর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এসময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আবু জাফর সিদ্দিকীর নামে গড়ে ওঠা নামফলকগুলো অপসারণের দাবি জানান। মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল কুষ্টিয়া জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন।

