Logo

সারাদেশ

কানাইঘাটে অটো রাইস মিলে অগ্নিকাণ্ড

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১৭:৫৮

কানাইঘাটে অটো রাইস মিলে অগ্নিকাণ্ড

সিলেটের কানাইঘাট পৌরসভা এলাকায় রফরফ অটো রাইস মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অফিস কক্ষসহ বিভিন্ন স্টোররুম পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে ‘প্রায় দেড় কোটি টাকার’ ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে রফরফের দুইতলা বিশিষ্ট ভবনের অফিস কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত মেশিনারিজ স্টোর, ইলেকট্রনিক স্টোর ও স্টক রুমে ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর মিলের কর্মচারী ও আশপাশের লোকজন প্রথমে নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে এবং দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে মিলটির অফিস কক্ষ, মেশিনারিজ স্টোর, ইলেকট্রনিক স্টোর ও স্টক রুমের অধিকাংশ মালামাল পুড়ে যায়। এতে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, মোটর, কন্ট্রোল প্যানেল, বৈদ্যুতিক সরঞ্জাম, অফিস আসবাবপত্র, কম্পিউটার ও প্রয়োজনীয় নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি স্টকে থাকা উল্লেখযোগ্য পরিমাণ ধান-চালও নষ্ট হয়ে গেছে।

মিল কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, মেশিনারিজ, ইলেকট্রনিক যন্ত্রপাতি, স্টোরে সংরক্ষিত যন্ত্রাংশ, অফিস সরঞ্জাম এবং ধান-চালের মজুদসহ প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। তবে তদন্ত শেষে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মিলটির ব্যবস্থাপনা পরিচালক মারূফ জাকির বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যেই সব পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান শাকিল। তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে আগুন নিয়ন্ত্রণে এলে ফিরে আসি। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

তালহা/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর