কক্সবাজারে চাঁদা না পেয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ২২:৫০
কক্সবাজার শহরে চাঁদা না দেওয়ায় গণেশ পাল নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর ২টার দিকে বিজিবি ক্যাম্পের পল্লান কাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গণেশ পাল (৪০) ওই এলাকার বিশ্বনাথ পালের ছেলে।
নিহতের স্ত্রী নেপালী পাল জানান, তাদের বাসায় একটি সেপটিক ট্যাংক নির্মাণের কাজ চলছিল। গত রাতে জিদান নামে এক ব্যক্তি গণেশ পালের দোকানে গিয়ে চাঁদা দাবি করেন। কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকার করলে শনিবার দুপুরে জিদান ও তার এক সহযোগী তাদের বাড়িতে এসে হামলা চালায়।
নেপালী পাল আরও জানান, তার চোখের সামনেই জিদান ও তার সহযোগীরা গণেশ পালের ওপর ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত জিদানের বাড়ি বিজিবি ক্যাম্পের পল্লান কাটা এলাকায়। তিনি রাজমিস্ত্রি জাকির হোসেনের ছেলে।
নিহত গণেশের কাকাতো ভাই আশীষ পাল বলেন, ‘হঠাৎ করে খবর পাই, গণেশকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে গিয়ে জানতে পারি, আমার জেঠাতো ভাই গণেশ মারা গেছেন। তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে। আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, ‘বাড়ির সেপটিক ট্যাংক নির্মাণের কাজ চলাকালে টাকা দাবি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে গণেশ পাল নিহত হন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
এএস/

